২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

অপর সড়ক দূর্ঘটনায় একজন নিহত, ২জন আহত

শেরপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
শেরপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

ঈদের দিনে মোটর সাইকেলে চড়ে ঘুরতে গিয়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হয়েছেন শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪)। দূর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শাহ আলমের শ্বশুর বাবলু আহত হয়েছেন। নিহত শাহ আলম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।

আজ সোমবার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবা-মেয়ে মারা যায়। শশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। 

শেরপুর হাইওয়ে পুলিশের এস আই আব্দুল খালেক দূর্ঘটনায় হজতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির দুই আরোহী মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) আহত হন।

ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

অপর দিকে, মোটরসাইকেলে চড়ে সিরাজগঞ্জের যমুনা নদীতে বেড়াতে যাচ্ছিলেন তিন বন্ধু। দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।

আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুভ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।