২১ ভাদ্র, ১৪৩৩

০৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত

মোঃ মনোয়ার হোসাইন, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
জয়পুরহাটে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত

 

সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে আসার পথে বগুড়ার শিবগঞ্জ থানার কিচক ব্রীজের সামনে এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে ওই নারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টার সময়  বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি সফরে প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ করে সড়কের উপরে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাস্থলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম উপস্থিত হয়ে মন্ত্রীকে আহত অবস্থায় কালাই হাসপাতালে নিয়ে যান। পরবর্তিতে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার পর আহত নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ী দুর্ঘটনার কবলে পড়েছে এমন সংবাদ পেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী মহোদয়কে উদ্ধার করি। মন্ত্রীর বড় ধরনের ক্ষতি হয়নি তবে পায়ে সামান্য আঘাত লেগেছে ও একটু ছুলে গেছে। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে গানম্যান মুক্তারুল আহত হয়েছেন।