২৩ কার্তিক, ১৪৩৩

০৭ নভেম্বর, ২০২৬

বগুড়া মহানগর জামায়াত আমীরের শপথ অনুষ্ঠিত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
বগুড়া মহানগর জামায়াত আমীরের শপথ অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার নবনির্বাচিত আমীর অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের শপথ আজ (শুক্রবার) সকালে নগরীর শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম, এমপি শপথবাক্য পাঠ করান।


এসময় অন্যান্যের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু তালেব মন্ডল, বগুড়া মহানগর জামায়াতের সদ্য বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার উপস্থিত ছিলেন।


শপথ অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর দেওয়া বিধান ও রাসুল (সা.) এর দেখানো পদ্ধতিতে একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। দুনিয়ার কোন লোভ-লালসার জন্য জামায়াতের কোন নেতা বা কর্মি এই আন্দোলনে যুক্ত হননি। তিনি বলেন, জামায়াতের প্রতিটি নেতাকর্মি হবেন ইসলামী কল্যাণ রাস্ট্রের একেকজন মডেল। আপনাদের চারিত্রিক সৌন্দর্য্য দেখে সাধারন মানুষ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হবেন।


শপথ অনুষ্ঠানে বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার আমীর/সভাপতি, সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।


একই ভেন্যুতে পরে বগুড়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের শপথ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি শপথ বাক্য পাঠ করান।