২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

শাজাহানপুরের ডোমনপুকুর মাদরাসায় নিয়োগ বানিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
শাজাহানপুরের ডোমনপুকুর মাদরাসায় নিয়োগ বানিজ্যের অভিযোগ


বগুড়ার শাজাহানপুরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসায় অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রথম দফায় নিয়োগ পরীক্ষা স্থগিতের পর আগামীকাল শুক্রবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

তবে, পরীক্ষার ঠিক আগমুহুর্তে আজ (বৃহস্পতিবার) বিকেলে মোবাইলে মেসেজ দিয়ে চাকরিপ্রার্থীদের জানানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। মোটা অংকের লেনদেনের বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই পরীক্ষার আগের দিন মেসেজ দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


গত ১০ এপ্রিল ২০২৬ দৈনিক করতোয়া পত্রিকায় ১ জন অফিস সহকারী ও ১জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উভয় পদের বিপরীতে একটিতে ১১জন ও অন্যটিতে ১০জন করে প্রার্থী আবেদন করেছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

এদিকে, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এমন গুঞ্জন ওঠে। সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে খবর ভাইরাল হওয়ার পর তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তবে, ম্যানেজিং কমিটির সভাপতিসহ কতিপয় সদস্যের পছন্দের প্রার্থী অফিস সহায়ক পদে জনৈক সবুজ আহমেদ এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ইমানুর রশীদ নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে মৌখিক অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীদের কয়েক জন।


এবিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুন জানান, ডিজি’র প্রতিনিধি সময় দিতে না পারায় প্রথম দফায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আগামীকাল নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে। নিয়োগের বিষয়ে আর্থিক লেনদেন প্রসংগে তিনি বলেন, “এবিষয়ে আমি কিছু জানিনা।”


অভিযোগের বিষয়ে জানতে মাদারাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাতিনুর রহমান লিটনের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি রিসিভ করেননি।