বগুড়ায় মদ্যপ অবস্থায় পুলিশ কর্মকর্তার সাথে অশালীন আচরন করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে জনগন আটক করে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন(৩৬),স্বেচ্ছাসেবক দলের কর্মী আহসান হাবিব(১৮) ও নুরুল ইসলাম(১৮)।তারা সকলেই বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একজন পুলিশ কর্মকর্তা তার সরকারি গাড়িতে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে সাতমাথায় চা পান করতে আসেন। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন এত রাতে আপনার সাথে থাকা মহিলা কে? এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে রুহুল আমিনে তর্কবিতর্ক হয়। ঘটনাস্থলে থাকা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেরাজুল ইসলামের হস্তক্ষেপে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী- সন্তানকে নিয়ে চলে যান।
এসময় উপস্থিত কিছু লোকজন পুলিশের পক্ষ নিয়ে কথা বলতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদেরকে মারধর শুরু করে। এদৃশ্য দেখে উপস্থিত লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।পরে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হোসেন আলী বলেন, ঘটনাটি শুনেছি। এধরনে কর্মীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
বগুড়া সদর থানার ওসি একেএম মঈন উদ্দিন বলেন, মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানের সামনে অসৌজন্য মুলক আচরন করে। উপস্থিত লোকজন প্রতিবাদ করলে তারা জনগনের উপর চড়াও হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে এবং রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের সনদ অনুযায়ী মদ্যপ অবস্থায় ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।