৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

 

উৎসবমুখর পরিবেশে বগুড়ার সোনাতলার শালিখা উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হলো সুবর্ণজয়ন্তী। ২ এপ্রিল বুধবার সকাল থেকে বিদ্যালয় চত্বরে শুরু হয় নানা আয়োজন।

৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।  সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েন। দিনব্যাপী এই আয়োজনে ছিল পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক আয়োজন ও র‍্যাফেল ড্র।  

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক হাসনাত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ডাঃ এইচ এম মুশিহুর রহমান, বগুড়া জেলা  শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ ও মধুপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাসুদ আল আমিন শ্যামল।  

বক্তারা বলেন, ৫০ বছরের গৌরবময় ইতিহাসে শালিখা উচ্চ বিদ্যালয় অসংখ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে। এই বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক জগদীশচন্দ্র সরকার, সোনাতলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই, ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও সুধীবৃন্দ।

 বক্তারা উল্লেখ করেন, শালিখা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চলেছেন।  স্মৃতিচারণ পর্বে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী আবেগাপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভা শেষে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা। সুবর্ণজয়ন্তীর এই বর্ণিল আয়োজন বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।