২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ছিনতাইকৃত ট্রাকের চালককে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
বগুড়ায় ছিনতাইকৃত ট্রাকের চালককে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত

 

বগুড়ায় ট্রাক ছিনতাই করে মুক্তিপনের দাবীতে আটকে রাখা  চালককে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। তারা হচ্ছেন শহরে নারুলী পুলিশ ফাঁড়ির সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) ফিরোজ আহম্মেদ  ও কনস্টেবল মাহবুব হোসেন।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।


 মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। 
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক  নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি  ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে। ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালক আমিরুলকে ধাওয়া পাড়া এলাকায়  সুইট নামে এক ব্যক্তির বাড়িতে  আটকে রেখে  ট্রাক মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালককে ছেড়ে দেয়।এসময় পুলিশ খালি ট্রাকটি হেফাজতে নিতে গেলে


 দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে  ইটপাটকেল ছুড়ে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।


নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, ঘটনার পর রাতেই সুইটসহ তিনজনকে আটক করা হয়েছে। ট্রাক চালক পুলিশ হেফাজতে রয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।