গ্রামবাংলার ঐতিহ্য, চিরায়ত ক্রীড়া ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল নাটোরের গুরুদাসপুরে। রোববার বিকেলে উপজেলার জনাব মোড় এলাকায় রওশনপুর বাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এক জমকালো ঘোড়াদৌড় প্রতিযোগিতা, যা স্থানীয়দের মনে জাগিয়ে তোলে শিকড়ের টান আর প্রাণের আনন্দ।
বিকেল সাড়ে ৪টায় জনাবমোড় মাঠে ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গেই শুরু হয় বহুপ্রতীক্ষিত প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০টি ঘোড়া এ দৌড়ে অংশ নেয়। মাঠজুড়ে হাজারো মানুষের ভিড়, শিশু-কিশোরদের উচ্ছ্বাস, নারীদের আনন্দমাখা উল্লাস এবং প্রবীণদের চোখে পুরোনো দিনের স্মৃতি—সব মিলিয়ে এক অনন্য আবহের সৃষ্টি হয় পুরো এলাকায়। প্রতিযোগিতা ঘিরে বসে মেলা, যেখানে হস্তশিল্প, খাবার, খেলনা ও নানা পণ্যের দোকান ছিল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপিলা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক নিলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহাদত হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সানজেদুল রহমান শুভ।
আয়োজক কমিটির পক্ষে সার্বিক দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন, সম্রাট আলী, রঞ্জু আহমেদ, আমির আলী, আলাউদ্দিন আলী, আক্তারুজ্জামান, আমির হোসেন বানু, নজির উদ্দিন, মোতালেব ফকির, জসিম উদ্দিন ও রিপন সরকার।
ঘোড়াদৌড়ের ফলাফল অনুযায়ী, প্রথম স্থান অধিকার করেন নুরুনবীর ‘মেসি’ নামক ঘোড়াটি। দ্বিতীয় হন আরিয়ানের ‘নুরের পুতুল’ এবং তৃতীয় স্থান লাভ করেন সম্রাটের ‘বনলতা’।
স্থানীয়দের মতে, এই প্রতিযোগিতা কেবল একটি খেলা নয়; এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। বর্ষীয়ান এক দর্শনার্থী বলেন, “এই ঘোড়াদৌড় আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বহন করে। এখনো মানুষ একত্রিত হয়ে যেভাবে উপভোগ করছে, তা সত্যিই চোখে পড়ার মতো।