২৬ বৈশাখ, ১৪৩৩

০৯ মে, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র গুরুত্বপূর্ণ বৈঠক আজ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র গুরুত্বপূর্ণ  বৈঠক আজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই মূলত এই বৈঠকে যাচ্ছে দলটি। এর আগে সংস্কার ও জাতীয় ঐকমত্য ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করলেও আজকের বৈঠকের মূল এজেন্ডা হবে নির্বাচনী রোডম্যাপ।

দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপি’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এমন বার্তাও দেয়া হবে।

এ ছাড়া সংস্কারের বিষয়ে সরকার আসলে কি চাইছে, কি কি বিষয়ে আপাতত ঐকমত্য দরকার সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে বিএনপি’র তরফে।

দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।