বগুড়ার কাহালুতে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৬০ বিঘা জমির বোরো ধান পুড়ে যাবার উপক্রম হয়েছে। ফলন কমে যাওয়ার আশংকায় দুঃশ্চিন্তায় কৃষকরা। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভূক্তভোগি প্রায় ৪০ জন কৃষক।
গত রোববার সকালে ভূক্তভোগি কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ লিখিত অভিযোগটি দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার মোঃ নূরুল ইসলাম সাজুর ইট ভাটার পাশে প্রায় ৬০-৭০ বিঘা বোরো ধানের মাঠ বিষাক্ত ধোঁয়ায় পু্ড়ে যাবার উপক্রম হয়েছে। কাইস ধোড় থেকে ধানের শীষ বের হয়ে এখন ধানে পাক ধরেছে। বিষাক্ত ধোঁয়ায় ধানের শীষে কালো পুড়ে য়াওয়া দাগ পড়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে ধানে চিটা হওয়ায় ফলন একে বারে কমে যাবার আশংকা করছেন কৃষকরা। মুখের আবাদ নষ্ট হয়ে যাবার উপক্রম হওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছে কৃষকরা। পানিসেচ, সার কীটনাশক সহ নানা খরচে বোরো ধান উৎপাদন খরচ পুষিয়ে নিতে না পারলে লোকসান গুনতে হবে ভূক্তভোগী কৃষকদের।
এদিকে ঐ অভিযোগের প্রক্ষিতে গত রোববার কাহালু উপজেলা কৃষি অফিসের একটি টিম ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত বোরো ধানের মাঠ পরিদর্শন করে ধান গাছের নমুনা সংগ্রহ করেছেন। ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট হয়েছে না পোকার আক্রমণে নষ্ট হয়েছে তা ল্যাবে পরীক্ষা না করে বলা যাচ্ছে না বলে কৃষি অফিস জানায়।