৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র ২য় রাউন্ড আগামীকাল শুরু

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র ২য় রাউন্ড আগামীকাল শুরু



বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র দ্বিতীয় রাউন্ড আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

ইতোমধ্যেই গ্রুপ পর্ব শেষে ৬টি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে রউন্নীত হয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো হলো- ক গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাইট স্টার ক্লাব, খ গ্রুপ চ্যাম্পিয়ন মালতিনগর ওয়ারিয়র্স, গ গ্রুপ চ্যাম্পিয়ন ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী, ঘ গ্রুপ চ্যাম্পিয়ন সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, ঙ গ্রুপ চ্যাম্পিয়ন এ জেড স্পোর্টিং ক্লাব এবং চ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রসুল স্মৃতি সংঘ। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি ম্যাচ হবে নকআউট পদ্ধতিতে। বিজয়ী দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দল বাদ পড়বে টুর্ণামেন্ট থেকে। ইতোমধ্যেই ১৮টি দল নিয়ে শুরু হওয়া টুর্ণামেন্টের ৬টি গ্রুপ থেকে ৬টি চ্যাম্পিয়ন দল নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

বুধবার সর্বশেষ দল হিসেবে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা ফ্রেন্ডস ইলেভেনকে ৭ উইকেটে পরাজিত করেছে। টসে জিতে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব প্রথমে ফ্রেন্ডস ইলেভেনকে ব্যাট করতে পাঠায়। তারা ৫ উইকেটে করে ১৪৫ রান। দলের হয়ে শাহাদত সর্বোচ্চ ৫০ রান করেন। রোমান ২টি, শফিক ও সেতু ১টি করে উইকেট লাভ করেন। জবাবে সোনারগাঁ ২ ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। দলের পক্ষে মারুফ অপরাজিত ৫৬ এবং রিফাত অপরাজিত ৫১ রান করেন। তানভীর, শাহাদ ও আরাফাত ১টি করে উইকেট শিকার করেন। মারুফ ম্যাচ সেরার পুরস্কার পান।

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এসময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, সদস্য সচিব মোস্তফা মোঘল, সাবেক ক্রিকেটার মাসুদ পারভেজ জেমস, আম্পায়ার ফিরোজ ও সাজু উপস্থিত ছিলেন।

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে রসুল স্মৃতি সংঘের সাথে লড়বে সোনারগাঁ স্পোটিং ক্লাব এবং দুপুর ১টায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর প্রতিপক্ষ এ জেড স্পোর্টিং ক্লাব।

শুক্রবার দিনের একমাত্র ম্যাচে সকাল ৯টায় ব্রাইট স্টার ক্লাবের প্রতিপক্ষ মালতিনগর ওয়ারিয়র্স।

দ্বিতীয় রাউন্ড শেষে বিজয়ী ৩টি দলকে নিয়ে লটারির মাধ্যমে একটি দল সরাসরি ফাইনালে উন্নীত হবে। অপর দুই দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী দলের সাথে সরাসরি লটারিতে বিজয়ী দলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রফি প্রদান করা হবে।