৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

আব্দুল হামিদের দেশত্যাগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ১১, ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
আব্দুল হামিদের দেশত্যাগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন বলে জানা যায়। তার এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়।

 

তিনি কিভাবে বিদেশে গেলেন, এই ঘটনা তদন্তের জন্য রোববার তিন সদস্যের উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে প্রধান করে তিন সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটির অপর দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

 

আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট পেশ করবে। গঠিত তদন্ত কমিটিকে নিচের বিষয়সমূহ পর্যালোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। যেমন- গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কিভাবে বিদেশ গমন করেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না এবং এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করবে তদন্ত কমিটি।

 

এসব কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সকল দলিল-পত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে।

 

কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।