প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলায় রেখে একটি উন্নত সমাজ গড়া সম্ভব নয়। মানবিক চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে রোটারী ক্লাব অব বগুড়া প্রতিবন্ধী শিশুদের জন্য নিয়মিত পুষ্টিসমৃদ্ধ বৈকালিক নাস্তা প্রদানের একটি বিশেষ কর্মসূচি চালু করেছে।
বুধবার বগুড়া শহরের বারপুরস্থ ‘সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র’-এ মাসব্যাপী পুষ্টি সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান সাইরুল ইসলাম। তিনি নিজ হাতে প্রতিবন্ধী শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার পরিবেশন করেন। কর্মসূচির আওতায় প্রতিদিন নিয়মিতভাবে কেন্দ্রের তত্ত্বাবধানে থাকা শিশুদের জন্য উন্নতমানের বিকালের নাস্তা সরবরাহ করা হবে ক্লাবের অর্থায়নে।
অনুষ্ঠানে রোটারিয়ান সাইরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদের ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতা পাওয়ার পূর্ণ অধিকার রাখে। আমরা চাই, তারা যেন সঠিক পুষ্টি ও যত্ন পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে উঠতে পারে এবং সমাজের মূলস্রোতে সম্পৃক্ত হয়ে এগিয়ে আসতে পারে। এই কর্মসূচি আমাদের সেই সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের প্রতি সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। রোটারী ক্লাব সবসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতে আমরা এমন আরও উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
আন্তর্জাতিক সেবামূলক সংগঠনটি দীর্ঘদিন ধরে অসংখ্য দরিদ্র পরিবার, নারী, শিশু ও সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
পুষ্টিকর খাবার পেয়ে অসহায় প্রতিবন্ধী শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়। কয়েকজন শিশু জানান, তারা এমন উন্নত খাবার পেয়ে খুবই খুশি ও কৃতজ্ঞ।
মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়ে ওঠে। শুধু নিজের সুখেই সীমাবদ্ধ না থেকে, অন্যের সুখের অংশীদার হওয়াও জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, যা জীবনকে করে তোলে আরও অর্থবহ ও আনন্দময়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মাহবুবুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, রোটা. মাহবুব সাঈদী প্রিন্স, রোটা. আখতারুল ইসলাম আখতার, রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. মো. শফিকুল ইসলাম শফিক এবং সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মো. সাজেদুর রহমান।
ক্যাপশন: বুধবার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র বগুড়ায় প্রতিবন্ধী শিশুদের নিয়মিত উন্নতমানের পুষ্টিসমৃদ্ধ বৈকালিক খাবার প্রদানের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম।