২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ১৩৬ ফিলিস্তিনি নিহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ২০, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ন
গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ১৩৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৫৩ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।

 

 

 
 

মঙ্গলবার (২০ মে) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 
 

 

 
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৬৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা এক লাখ ২১ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে।

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

 

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়ার পর ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করে মধ্যরাত থেকে ৪৩ জনকে হত্যা করেছে।

 

কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরাইলের বিরুদ্ধে ‘কঠিন পদক্ষেপ’ নেয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে ২২টি দেশ অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে তিন হাজার ৩৪০ জন নিহত এবং নয় হাজার ৩৫৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

 

গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।