বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাজেদুর রহমান বলেছেন, ইসলামী সংগঠনের মাধ্যমেই সমাজে ন্যায়, শান্তি ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব । তিনি আজ বৃহস্পতিবার বাদ যোহর ১নং বামনডাঙ্গা ইউনিয়নের কর্মী মোঃ আব্দুস সামাদ -এর জানাজা নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সমাজে নৈতিক অধঃপতন ও বিশৃঙ্খলার মূল কারণ ইসলামী জীবনব্যবস্থা থেকে দূরে সরে যাওয়া। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবতার মুক্তির পথ দেখায়। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” তিনি মরহুম আব্দুস সামাদের নিষ্ঠা ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে তিনি জানাযা নামাজে ইমামতি করেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মঞ্জু, ইউনিয়ন আমীর মোঃ আব্দুল আজিজ, ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ জব্বার, সাবেক চেয়ারম্যান মোঃ নজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি।
মরহুম মোঃ আব্দুস সামাদ ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।