ইসরাইলি বাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের খবরে বলা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে ভারামিনের গভর্নর জানিয়েছেন, তেহরানের প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভারামিন শহরের কাছে একটি ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।
গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরাইল। এতে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে ইসরাইলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত প্রতিরক্ষামূলক ‘অ্যারো’ ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়েছে ইসরাইল। বলা হচ্ছে, এটি ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ওয়াশিংটন এ ঘাটতির বিষয়ে জানে এবং ইতোমধ্যে স্থল, নৌ ও আকাশপথে ইসরাইলের প্রতিরক্ষায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসরাইলি সেনাবাহিনী অস্ত্র-সংক্রান্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।