বগুড়া পৌরসভার বেজোড়া ঘাট এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে বেজোড়া ঘাট এলাকায় মাওলানা মুফতী শরীফুল ইসলাম ও হাফেজ শামসুদ্দোহা জুয়েলের উপর হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী আনারুল এবং তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হামলার শিকার হাফেজ শামসুদ্দোহা জুয়েল ও মাওলানা শরীফুল ইসলাম। তারা বলেন, “এই হামলা শুধু আমাদের উপর নয়, পুরো সমাজের উপর আঘাত। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক।”
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন চকলোকমান ও বেজোড়ার শতাধিক সচেতন এলাকাবাসী। উপস্থিত ছিলেন মাসুদ করিম, সালাউদ্দিন, মাসুদ, নুর উদ্দিন, মাহামুদ, মাওলানা আব্দুল মাজেদ আনসারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজ। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন মিনহাজুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপ রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানায়, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।