শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে ২:৩০টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার আকাশ।
অভিযান চলাকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জিএম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোছাঃ শাম্মী আক্তার ও তার স্বামী মোঃ শাজাহান মিয়া রোগীদের ভুয়া প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। পাশাপাশি ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা প্রদান এবং অতিরিক্ত অর্থ আদায় করতেন।
অভিযানকালে অনিয়ম প্রমাণিত হওয়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডাঃ এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানায়।