বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাকিব হোসাইন মোস্তাকিম (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াবদা গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে পুরান বগুড়ার ছাত্রাবাসে ফিরছিলেন মোস্তাকিম। পথিমধ্যে ওয়াবদা এলাকার একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল রেললাইনে আটকে যায়। মোটরসাইকেলটি সরাতে গিয়ে তিনি সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়া গামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন,
“নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন অভিযোগ করে বলেন, “আজিজুল হক কলেজ ক্যাম্পাস সংলগ্ন রেলগেটটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। বারবার লিখিতভাবে জানালেও রেল কর্তৃপক্ষ কিংবা কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। মোস্তাকিমের মৃত্যুর দায় এড়াতে পারে না তারা।”
মোস্তাকিমের মৃত্যুর খবরে সহপাঠী, বন্ধু ও কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যেই তার লাশ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।