শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশ কখনো কোনো সিরিজ জিততে পারেনি। তবে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে দেয়ার সুবর্ণ সুযোগ এসেছে এবার। আরাধ্য লঙ্কাদূর্গ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
পাল্লাকেলেতে ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা।
সেই আত্মবিশ্বাস ধরে রেখে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো পেতে চায় সিরিজ জয়ের স্বাদ। সেই লক্ষ্যেই আজ মাঠে বেলা ৩টার দিকে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। আজকের শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে তাই একটা কৌতূহল আছে।
তবে চোট পরবর্তী ২৪ ঘণ্টার পর্যবেক্ষেণ সময় তিনি পার করেছেন কোনো সমস্যা ছাড়াই। গতকাল সংবাদ সম্মেলনে পারভেজ ইমনও কাল জানান, নাজমুল হোসেন শান্ত ভালোই আছেন।
সবকিছু ঠিক থাকলে শান্ত একাদশে থাকছেন নিশ্চিত। ফলে পুরো সিরিজটাই হয়তো দর্শক হয়ে কাটাতে হবে নাঈম শেখকে। তবে আজ একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।
প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দেয়া এই পেসার দ্বিতীয় ম্যাচে ছিলেন বিশ্রামে। তার বদলে খেলেন হাসান মাহমুদ। তবে আজ তাসকিন ফিরলে জায়গা হারাতে পারেন তিনি।
আজ সিরিজ জয়ের আশায় পূর্ণ শক্তি নিয়ে নামবে বাংলাদেশ। আছে ইতিহাস গড়ার সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে কতটা নৈপুণ্য দেখাবে টাইগাররা সেই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।