বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার সকালে সাড়ে সাতটার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম বগুড়া নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমিনুল পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকও তিনি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি নেতা শাহীন হত্যা মামলা ছাড়াও
অপহরণ, চাঁদাবাজি, ও দুর্নীতি দমন কমিশনের মামলা। এসব মামলা আদালতে বিচারাধীন।
তিনি আরও বলেন, “আমিনুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”