৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে বগুড়ায় মানববন্ধন

 

সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের দাবীতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধন করেছে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-পরিচালকরা। 

মানববন্ধন থেকে অবিলম্বে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাািশ দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের দাবী জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে, যার দায়-দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে।

বক্তারা ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পরিপত্র বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপি গ্রহন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা সংশ্লিষ্ট বিষয়ে সরকারের উচ্চ মহলে বিষয়টি অবগত করার আশ্বাস দেন।