বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হলো যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো একটি বিশাল গণমিছিল। এই মিছিলকে স্থানীয়রা দুপচাঁচিয়ার ইতিহাসে সর্ববৃহৎ গণমিছিল হিসেবে অভিহিত করছেন।
মঙ্গলবার বিকেলে দুপচাঁচিয়া কাঁচাবাজার থেকে শুরু হওয়া এই মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল দুপচাঁচিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মিছিল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখা এই গণমিছিলের আয়োজন করে। এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত।
জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই মিছিলের মাধ্যমে তারা জনগণের মাঝে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দিতে চান এবং সকল প্রকার অন্যায়ের ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিতে চান। মিছিলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন, যেখানে তারা দলের লক্ষ্য, রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশার বিষয়ে আলোচনা করেন।
গণ সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী। সঞ্চালনা করেন দুপচাঁচিয়া উপজেলা সেক্রেটারি কে এম হেলালুল ইসলাম ও সহকারী সেক্রেটারিমোহাম্মদ ফরিদ উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও মাওলানা হাফেজ নুর খন্দকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য এবং অন্যায়ের কোনো স্থান থাকবে না। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে।” তিনি আরও বলেন, “এই মিছিল দুপচাঁচিয়ার জনগণের ঐক্য ও শক্তির প্রতীক। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছি এবং জনগণের অধিকার আদায়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
আরও বক্তব্য রাখেন সাবেক থানা আমীর মোঃ মুনসুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুপচাঁচিয়া উপজেলা দক্ষিণ সভাপতি আবু সাঈদ, জুলাই যোদ্ধা হাবিবুল বাশার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আমীর সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।