দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল মন্ডলকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে আরাজি মিলনপুর বাজার এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি পিকআপ ভ্যান ক্রয়-বিক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেনে ছিনতাইয়ের অভিযোগ ওঠে রাসেল মন্ডলের বিরুদ্ধে। তিনি ডলার প্রতারক চক্রের লিডার হিসেবে পরিচিত। তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ সকল অপকর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ মিলন বাজার বিএনপি অফিস থেকে রাসেলকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তিনি পুলিশের সাথে ধস্তাধস্তি করেন। পরবর্তীতে পুলিশ থানায় নিয়ে যায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর (ওসি) মোবাইল ফোনে জানান, রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ বিক্রির কথা বলে আর্থিক লেনদেনের এক পর্যায়ে সমস্যার সৃষ্টি হয়, যা নিয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।