মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শ্রী শুভ দাস ওরফে আকাশ ওরফে সৌরভকে (২৭) গাজীপুরের মেট্রোপলিটানের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব -১ । সে ঘোড়াঘাট উপজেলার ঘাটপাড়া গ্রামের বকুল দাসের ছেলে।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের সময় শুভ দাসকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে সাজা থেকে বাঁচতে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। দীর্ঘ ৪ বছর বিজ্ঞ আদালতে যুক্তি—তর্ক, সাক্ষ্য—প্রমাণ শেষে চলতি বছরের গত ১১ মার্চ গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালত—১ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকেই আসামি পলাতক ছিলেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ আসামিকে আটকের দায়িত্ব পায়। গত ৫ মাস ধরে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে গত ১ অক্টোবর ঘোড়াঘাট থানার এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে বিশেষ অভিযানে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি শুভ দাসকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার ভোরে ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। পরে আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।