সারাদেশের ন্যায় ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। আজ ৩০ নভেম্বর, রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মবিরতির সময় বক্তারা বলেন, গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে চার দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সেই আল্টিমেটামের ধারাবাহিকতা হিসেবে আজকের এই কর্মবিরতি পালন করা হয়েছে। তারা আরও জানান, সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে পুনরায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর বুধবার অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ণদিবস শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। ওষুধ বিতরণ, রেডিওলজি ও ইমেজিং এবং প্যাথলজি সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছি। জনগণের সেবা ব্যাহত না করে তাদের দাবির দ্রুত সমাধান করা উচিত।”
অত্র হাসপাতালের ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা জানান, স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ওষুধ বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফার্মাসিস্ট মেহেদী হাসান (রাজু) বলেন, “আজকের কর্মবিরতি কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি। সরকার দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের ব্যবস্থা না করলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়তে পারে।”
স্বাস্থ্যসেবার মান রক্ষার স্বার্থে এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার দ্রুত পদক্ষেপ নেবে— এমন প্রত্যাশা জানিয়েছেন কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা।