৩ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

ঢাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস রিলিজ : প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
ঢাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এবং এর অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ড ও জমঈয়ত কল্যাণ ফান্ডের উদ্যোগে আজ ৭ মার্চ শনিবার রাজধানী ঢাকায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়তের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দীন।

আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। এছাড়া যুগ্ম সেক্রেটারি জেনারেল ড. মুযাফফর বিন মুহসিন, মাদারিস বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মাদ এহসান উল্লাহ ও নির্বাহী সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। বক্তারা তাদের বক্তব্যে সমাজে দ্বীনি শিক্ষার প্রসার, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের শিক্ষা কার্যক্রম এবং জমঈয়ত কল্যাণ ফান্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সুধী ও নেতাকর্মীদের অবহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা ও পদ্মা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন এবং পিএন এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ তালুকদার। মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে এক বিশেষ দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থলে আফওয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের সৌজন্যে আগত মেহমানদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়।