২ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার মানবিক উদ্যোগ

সাঘাটায় পাঁচ শতাধিক  মানুষের ফ্রি চিকিৎসা সেবা লাভ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধ: প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
সাঘাটায় পাঁচ শতাধিক  মানুষের ফ্রি চিকিৎসা সেবা লাভ

মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো গাইবান্ধার সাঘাটা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা’। শনিবার দিনব্যাপী উপজেলার বারকোনা বাজার এলাকায় সংস্থার কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।


অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম হোসেন মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সভাপতি ও শিকড় হাউজিং এর চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম।


উদ্বোধনী বক্তব্যে আশরাফুল কবীর বলেন, “একটি সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার গুরুত্ব অপরিসীম। সরকারি প্রচেষ্টার পাশাপাশি যখন বেসরকারি বা সামাজিক সংগঠনগুলো এভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়, তখন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা আজ যে উদ্যোগ নিয়েছে, তাতে এই দুর্গম এলাকার পাঁচ শতাধিক মানুষ উপকৃত হলো। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রাম পর্যায়ে নিয়ে আসা একটি কঠিন কাজ। আমি আশা করি, এই সংস্থার মতো অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনও সাধারণ মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সকল মানবিক কাজে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।”


সমাপনী ও সভাপতির বক্তব্যে আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার বলেন, “বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা কেবল একটি নাম নয়, এটি এই এলাকার মানুষের আস্থার প্রতীক। আমরা চাই আমাদের এলাকার কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত না থাকে। আজ আমরা পাঁচ শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি, এটি আমাদের জন্য পরম তৃপ্তির। শিকড় হাউজিং এবং এই সংস্থার মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরণের ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা বারকোনাসহ পুরো সাঘাটা উপজেলার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।”


দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসকের দায়িত্ব পালন করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আজিজুল হাকিম বাপ্পা এবং বগুড়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈম আহমেদ। তারা অত্যন্ত ধৈর্য সহকারে রোগীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও বগুড়ার বন্ধন হাসপাতালের দক্ষ টেকনিশিয়ান সদস্যরা আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপিং সেবা প্রদান করেন।

এই মহতী উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা জানান, বাড়ির কাছে এমন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেয়ে তারা অত্যন্ত খুশি। সংস্থার এই মানবিক কার্যক্রম যেন আগামীতেও অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।