নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১২টায় তিনি ফলক উন্মোচন শেষে বিশেষ মুনাজাত করা হয়। এরপর সিটি কর্পোরেশন চত্বরে গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।
এসময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ উচ্চ পদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে বগুড়ায় এসে পৌঁছেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান সার্কিট হাউজে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা: জোবাইদা রহমানকেও ফুল দিয়ে বরণ করে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী সফরের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১১টায় বগুড়া বার সমিতির নবনির্মিত বহুতল ভবনের নাম ফলক উন্মোচন করেন। এরপর তিনি বগুড়াসহ ৭ জেলায় ই-বেলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা, সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।