চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে তারা হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।