নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা,জা,ফে-০৮),পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯:৩০ মিনিটে র্যালী নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালী পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭, নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শ্রমীক ফেডারেশনের উপদেষ্টা আব্দুল মকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।