১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ১, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১ মে) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলনে দলের রুকনদের প্রত্যক্ষ ভোটে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়। সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে উপস্থিত থাকা চকবাজার থানা জামায়াতের একজন দায়িত্বশীল জাগো নিউজকে বলেন, ‘আজকের প্রোগ্রামে সাদিক কায়েম উপস্থিত ছিলেন। আমদের রুকনদের প্রত্যক্ষ ভোট হয়েছে। সেই অনুযায়ী সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

তিনি জানান, এর আগে ঢাকা মহানগর দক্ষিণের সব বিভাগ থেকে পরামর্শ নেওয়া হয়। সেখানে ডাকসু ভিপির পাশাপাশি জামায়াতের আরও একাধিক দায়িত্বশীলের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে গত সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের নামও ছিল। পরে দায়িত্বশীলরা সাদিক কায়েমের বিষয়ে সম্মতি দেন।

 

সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। জামায়াত সূত্রে জানা গেছে, ডিএসসিসি নির্বাচনে তার প্রার্থিতা নিশ্চিত হলে তিনি ছাত্রশিবির থেকে বিদায় নেবেন।