২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

কালাইয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়িতে পুলিশের অভিযান, নারীসহ ৯ জন আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
কালাইয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়িতে পুলিশের অভিযান, নারীসহ ৯ জন আটক

জয়পুরহাটের কালাই উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ।


মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার হাজী শাহজাহান আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ি থেকে এক নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন— ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার আরমান হোসেন (৪৬), পাঁচবিবি উপজেলার শন্তাদিগর এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাশেদুল ইসলাম (৫০), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার আবুল হোসেন (৬০), একডালা এলাকার বাড়ির মালিক হাজী শাহজাহান আলী (৫৫), নিশ্চিন্তা বাজার এলাকার নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), কালাই উপজেলার দুরুঞ্জ এলাকার মেহেরুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার আসমা খাতুন (২৫)।


কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, সমাজে অপরাধ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।