৭ ভাদ্র, ১৪৩৩

২৩ আগস্ট, ২০২৬

ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি রেজওয়ানুল ইসলাম, বগুড়া মহানগর সেক্রেটারি সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মি অংশগ্রহন করেন।

মিছিলপূর্ব সমাবেশে শিবির সভাপতি বলেন, শিবিরের প্রচেষ্টায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যখন শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে ঠিক তখন ছাত্রদল সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাস দখলের অপচেষ্টা শুরু করেছে। তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের জুলাইয়ের কর্মসূচিতে হামলা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস সহ শিবির নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এমনকি ঢাকা আলিয়া মাদরাসায় হামলা করে অধ্যক্ষসহ অনেক শিবির নেতাকর্মির রক্ত ঝরিয়েছে ছাত্রদল-যুবদল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে ছাত্রদল-যুবদলের লাগাম টেনে ধরুন। এভাবে হামলা অব্যাহত থাকলে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রশিবির ছাত্রদলের গুন্ডাদের সমূচিত জবাব দিতে বাধ্য হবে।