২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ এর উদ্বোধন হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ক্রীড়া সংগঠক আব্দুস ছালাম তুহিন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবিসহ ক্রীড়া সংগঠক ক্রিকেটারবৃন্দ।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন শেষে উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী দুই দলের ক্রিকেটারদের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলায় গাবতলী টাইগার্সের বনাম এ জেড স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বীতা করছে।

 দিনের অপর খেলায় মুখোমুখী হবে সুত্রাপুর কিংস বনাম হেলথ সিটি ইলেভেন স্টার। টুর্ণামেন্টে মোট ১৮টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহন করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি’র পাশাপাশি নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

প্রতিটি দলে ২জন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে।